দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনের কাছে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লাকসাম জংশন স্টেশনের মাস্টার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুই লাইনে ট্রেন আটকে পড়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে যেকোনো একটি লাইন সচল করা গেলে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।
নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করার পর হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকলের কারণে আপ লাইনে আটকা পড়ে।
এর মধ্যে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে চারটি বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
রেলওয়ে সূত্র জানায়, বিকল ইঞ্জিন ও লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
ওমর ফারুক বলেন, চট্টগ্রাম থেকে সোনার বাংলা এক্সপ্রেসের জন্য একটি সচল ইঞ্জিন রওনা হয়েছে। এছাড়া মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত চারটি বগি রেখে বাকি অংশ লাকসামে নিয়ে আসা হচ্ছে। এসব কাজ সম্পন্ন হলেই ট্রেন চলাচল পুনরায় শুরু করা সম্ভব হবে।
জে আই